ইশরাক হোসেন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা গ্রেপ্তার

 পুলিশ অবশ্য বলছে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী তিনি এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন।

তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যপক উপস্থিতির কারণে বিএনপির অপেক্ষাকৃত তরুণ ও নবীন অংশের মধ্যে তার বেশ একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশ বলছে তাকে আজ আদালতে উপস্থাপন করা হতে পারে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বিবিসি বাংলাকে বলেন, মিস্টার হোসেনের বিরুদ্ধে পুরনো মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

"দুই হাজার কুড়ি সালের একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিলো। ইশরাক হোসেন সেটি জানেন। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে," বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।

বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে মতিঝিল গিয়েছিলেন তিনি।

'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকার দলীয় সিন্ডিকেটের দুর্নীতির' বিরুদ্ধে এ কর্মসূচি দিয়েছিলো শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট।

কর্মসূচিতে অংশ নিয়ে লিফলেট বিতরণের সময় শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url