দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। ডারবানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থদিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান।
যতই সময় গেছে ততই রহস্য বেড়েছে কিংসমিডের উইকেটে, দক্ষিণ আফ্রিকা পেস বোলারদের স্বর্গরাজ্য হলেও চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটাররা কাবু স্পিন ঘুর্ণিতে। শেষ সেশনে টাইগারদের হয়ে ভেলকি দেখিয়েছেন মিরাজ।
আগের দিনের ৭৫ রানের লিড নিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছিলো আফ্রিকানরা। তবে দ্বিতীয় সেশনে বদলে যায় প্রেক্ষাপট। টাইগার বোলারদের একের পর এক আঘাতে প্যভিলিয়নের পথ ধরতে থাকেন প্রটিয়া ব্যাটাররা। পিটারসন, ভ্যারিয়ান্নে আর হার্নারের পতনে স্বস্তি ফেরে টাইগার শিবিরে।
বল হাতে মিরাজের সাথে যোগ দেন ইবাদত হোসেনও। টাইগারদের এই পেসারও শিকার করেন তিন উইকেট। তাসকিনও পকেটে ভরেন দুটি। তবে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে আটকে রাখতে বড় ভুমিকা দুই রান আউটের।
২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটারদের ফাঁদে ফেলেন আফ্রিকান দুই স্পিনার হার্মার ও মহারাজ। তবে দিন শেষে ১১ রানে মুমিনুলদের তিন উইকেটের পতন ঘটলেও জিত তুলে নিতেই পঞ্চম দিন মাঠে নামবে বাংলাদেশ।